মাগুরায় জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস, হিসাবের খাতা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মাগুরা সদর থানার ভায়না মোড় এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায় যে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্টপাড়া এলাকায় একটি টিনশেড ঘরের ভেতরে জুয়ার আসর বসেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকেই ৯ জনকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— নিখিল দাস (৪২), উজ্জল দাস (৫০), আনন্দ দাস (৭০), গনেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) এবং মো. বশির আহম্মেদ (৪২)।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, একটি জুয়ার হিসাব সংরক্ষণের খাতা এবং একটি পুরাতন প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
