বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক সফরে গিয়ে তিনি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন।
সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগসহকারে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবধর্মী পরিস্থিতিতে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহ প্রদান করেন।
একপর্যায়ে তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন, যা সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক সম্পৃক্ততার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইন-শৃখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এ সফর সেনাবাহিনীর পেশাগত দক্ষতা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং যুদ্ধপ্রস্তুতি সম্পর্কে সরকারের গুরুত্বকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
এস এম আশরাফী বুলবুল
