ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সরাসরি মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ছামিউল ইসলাম।
গত কয়েকদিন ধরে দেশব্যাপী অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে
এর ফলে উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু সমান পানি জমে গিয়ে যানবাহন চলাচল ও জনসাধারণের স্বাভাবিক চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন এই দুর্ভোগ চলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ভোগান্তি ও অসন্তোষ দেখা দেয়
এমন পরিস্থিতিতে বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক তৎপর হয়ে ওঠেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন এবং জমে থাকা পানি নিষ্কাশনের কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। কসবা উপজেলার বিভিন্ন জায়গায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
পাশাপাশি পৌরসভার উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়, যাতে পানি নিষ্কাশন প্রক্রিয়া দ্রুততর হয়।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে জমে থাকা পানি অপসারণ করে জনদুর্ভোগ লাঘব করা যায়
এ সময় সাংবাদিকদের জানান , বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
