সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি ও ভিডিও বিকৃত করে কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে মানহানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী (৪৯)।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) বেনাপোল থানায় দায়ের করা জিডিতে তিনি অভিযোগ করেন, ‘Crime News BD’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ও ভিডিও সম্পাদনা করে মিথ্যা, বানোয়াট ও অশ্লীল কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ওই ফেইক আইডি থেকে তাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। সর্বশেষ রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একই আইডি থেকে তার বিরুদ্ধে আবারও আপত্তিকর ছবি, ভিডিও ও ভিত্তিহীন লেখা পোস্ট করা হয়।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সহিদ আলী বলেন, “একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে আমার দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আমার এবং আমার পরিবারের সদস্যদের জড়িয়ে যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”তিনি জানান, ভবিষ্যতে আরও অপপ্রচার ঠেকাতে এবং দোষীদের আইনের আওতায় আনতেই বেনাপোল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এবং মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আশরাফুল ইসলাম
বেনাপোল,যশোর।
