যশোরে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় দেশের ৪০০ এতিম শিশুর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ৭৮ জন শিশুর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি শিশুদের হাতে খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা তুলে দেন।
প্রতিটি শিশু তিন মাসের জন্য ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ দশমিক ৫ কেজি মিল্ক পাউডার, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১ দশমিক ৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে।
এছাড়া প্রতিটি হাইজিন প্যাকে ছিল ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি মেরিল পেট্রোলিয়াম জেলি, একটি চিরুনি এবং একটি নেল কাটার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এতিম শিশুদের পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মামুন হোসেন, যশোর প্রতিনিধি।
