সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন কিং খান — শাহরুখ খান

শুভ জন্মদিন কিং খান — শাহরুখ খান

দিল্লির সেন্ট কলম্বাস স্কুলের এক ছাত্রকে একদিন শিক্ষক মহাশয় প্রশ্ন করলেন —
“বড় হয়ে তুমি কী হতে চাও?”
ছেলেটি এক মুহূর্তও দেরি না করে উত্তর দিল —
“আমি বড় হয়ে বলিউডে অভিনয় করতে চাই।”
শিক্ষক বিস্ময়ে থমকে গেলেন। বাস্তবের কঠোর যুক্তি বুঝিয়ে বোঝাতে চাইলেন ছেলেটিকে, কিন্তু সে নাছোড়বান্দা।


মায়ের সামনে পুরো ঘটনাটি তুলে ধরলে মা কেবল একটাই কথা বলেছিলেন —
“আমার ছেলে যদি বলে অভিনেতা হবে, তবে সে অভিনেতাই হবে।”
দিল্লির থিয়েটার মহলে পরিচিত মুখ হয়ে ওঠা এক তরুণ বন্ধু বেনি থমাসকে সঙ্গে নিয়ে ছেলেটি পাড়ি জমায় মুম্বাইয়ে — স্বপ্নের শহরে, রাজত্ব করার অদম্য ইচ্ছে নিয়ে।


দিনভর কাজের খোঁজে এক স্টুডিও থেকে অন্য স্টুডিও ঘুরে ক্লান্ত শরীর-মন নিয়ে গোধূলির পর চলে যেত মেরিন ড্রাইভে। একদিন সেইখানেই, সমুদ্রের গর্জন ও গাড়ির হর্নের শব্দের মাঝখানে বন্ধুকে সাক্ষী রেখে ছেলেটি চিৎকার করে বলেছিল —
“একদিন এই শহরে আমি রাজ করব!”
বান্দ্রার সমুদ্রতটে বসে দূরের বিশাল অট্টালিকাটির দিকে তাকিয়ে নিজের মনকে বলত —
“একদিন এই বাড়িটা আমি কিনব...”
আজ সেই অট্টালিকাটির নাম ‘মান্নাত’, আর সেই ছেলেটি আজ রাজা — বলিউড বাদশা শাহরুখ খান।


জন্ম ও শৈশব:
১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।
পিতা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর মাতা লতিফ ফাতিমা ছিলেন একজন সরকারি প্রকৌশলীর কন্যা।
দিল্লির রাজেন্দ্র নগরে বেড়ে ওঠা শাহরুখ পড়াশোনা করেন সেন্ট কলম্বাস স্কুলে, যেখানে তিনি শুধু পড়াশোনাতেই নয়, ফুটবল ও হকিতেও ছিলেন দারুণ পারদর্শী।
তিনি স্কুলের সর্বোচ্চ পুরস্কার “Sword of Honour” অর্জন করেন।


একটি কাঁধের আঘাত তাঁকে খেলাধুলার ক্যারিয়ার থেকে সরিয়ে দিলেও, অভিনয়ের মঞ্চে তিনি খুঁজে পেলেন নতুন পথ। দিলীপ কুমার, অমিতাভ বচ্চন ও মুমতাজ ছিলেন তাঁর প্রিয় অভিনেতা-অভিনেত্রী।
অভিনয় জীবন:
১৯৮০-র শেষ দিকে টেলিভিশন সিরিজ “ফৌজি”, “সার্কাস” প্রভৃতিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর যাত্রা।

 

১৯৯২ সালে “দিওয়ানা” চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, আর সেখান থেকেই শুরু কিং খানের জয়যাত্রা।
এরপর বাজিগর, দর, দিওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম, চক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, পাঠান, জওয়ান— প্রতিটি চরিত্রে তিনি নিজেকে ছাপিয়ে গেছেন।
সম্মাননা ও অর্জন:


১৪ বার ফিল্মফেয়ার পুরস্কারজয়ী
২০০৫ সালে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত
Newsweek ম্যাগাজিনের মতে বিশ্বের ৭৩তম প্রভাবশালী ব্যক্তি
আনুমানিক সম্পদের পরিমাণ ১২,০০০ কোটিরও বেশি রুপি


সারা বিশ্বে প্রায় ৩.২ বিলিয়ন অনুরাগী
মান্নাতের রাজা:
আজ সেই স্বপ্নবাজ ছেলেটি শুধু মুম্বাই নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, দুবাই থেকে ডালাস পর্যন্ত কোটি হৃদয়ের রাজা।
তিনি শুধু পর্দার রোমান্স কিং নন, বাস্তব জীবনে স্ত্রী গৌরী খান-এর আদর্শ স্বামী এবং সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম-এর স্নেহময় পিতা।
সিনেমার আলো-ঝলমলে দুনিয়ার বাইরেও শাহরুখ খান এক মানবিক, রসিক, মেধাবী মানুষ — যার প্রতিটি সংলাপ, প্রতিটি হাসি আজও কোটি হৃদয়ের ভালোবাসার অন্য নাম।


৬০তম জন্মদিনে কিং খানের প্রতি অশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা।
তুমি শুধু “মান্নাত”-এর রাজা নও —
তুমি সারা বিশ্বের ভালোবাসার রাজা।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা