কলকাতা বিমানবন্দর থেকে বের হচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। বের হওয়ার পরই চারপাশ থেকে তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। তবে বলিউডের চেনা মেজাজে দেখা যায়নি তাকে, চোখে-মুখে ছিল না বিরক্তির কোনো ছাপ। বরং চওড়া হাসিতে আলোকচিত্রীদের মন জয় করেন অজয়পত্নী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। গতকাল কলকাতা বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হন কাজল; যা এখন অন্তর্জালে ভাইরাল। সেই সঙ্গে একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে—হঠাৎ কলকাতায় কেন কাজল?
ভারতীয় একটি গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) সকালে লাল রঙের কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে মন্দিরে যান কাজল। এসময় কালো চশমায় ঢাকা ছিল তার চোখ। স্বাভাবিকভাবে অভিনেত্রীকে কাছ থেকে দেখতে অনুরাগীরা ভিড় জমান। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভিতরে নিয়ে যান। পূজা দিয়ে বের হয়ে সোজা গাড়িতে উঠে পড়েন এই অভিনেত্রী।
গত বছরের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় কাজল অভিনীত সিনেমা ‘মা’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় এসেছিলেন কাজল। গত বছরের ২২ মে, কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দেন এই অভিনেত্রী। পিচরঙা শাড়িতে ছিমছাম সাজে কাজলকে চোখের দেখা দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তবে এবার কেন কলকাতায় পা রেখেছেন, তা জানা যায়নি।