ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। পথিমধ্যে কসবা স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। নিউজ লেখা পর্যন্ত ট্রেনটি কসবা স্টেশন এলাকাতেই দাঁড়িয়ে আছে।
হঠাৎ মাঝপথে ট্রেন থেমে যাওয়ায় বিপাকে পড়েছেন ট্রেনের শত শত যাত্রী। স্টেশন এলাকায় তীব্র গরমে শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রেন পরিচালক শাখাওয়াত হোসেন জানান, ইঞ্জিন সচল করতে আখাউড়া থেকে মেকানিক দল আসছে। এছাড়া লাকসাম থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন রওনা দিয়েছে। রিলিফ ইঞ্জিনটি কসবা এসে পৌঁছালে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে।
রেল কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি সচল করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
