প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে নিয়মিত তুলে ধরছে। এখান থেকে এক নজরে জেনে নেয়া যাবে দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।
দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
পত্রিকাগুলো দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, আসন্ন নির্বাচন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ - দৈনিক প্রথম আলো প্রধান খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরই মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।
শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছিল বিএনপিসহ কিছু দল। গত ৬ জুন জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচন ১২ ফেব্রুয়ারি - দৈনিক যুগান্তরের প্রধান সংবাদ এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।
