দীর্ঘ দিন প্রেম করার পর প্রিয় মানুষের সঙ্গে বাগদান সেরেছেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। দিশানীর হবু বরের নাম মাইলস মান্টজারিস। গত ১২ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাগদান সারেন এই যুগল।
বাগদানের বেশ কিছু ছবি আগেও প্রকাশ করেছেন দিশানী। ফের নতুন কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এসব ছবিতে সাদা রঙের গাউনে নজর কেড়েছেন দিশানী। অন্যদিকে, মাইলসের পরনে কালো স্যুট ও সাদা শার্ট। একটি ছবিতে পরস্পরকে জড়িয়ে ধরে হাসিমুখে ফ্রেম বন্দি হয়েছেন। অন্য একটি সাদা-কালো ছবিতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন তারা।
দিশানীর এসব ছবি সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে নজর কেড়েছে। তবে সবকিছু ছাপিয়ে ছবির ক্যাপশন আলাদাভাবে আলোচনার জন্ম দিয়েছে। প্রতীক্ষার মিষ্টি অনুভূতি জানিয়ে দিশানী লেখেন, “আমি মহাবিশ্বের কাছে তোমার মতো একজন মানুষকে চেয়েছিলাম। তবে আমি যা পেয়েছি, তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। তোমাকে বিয়ে করার জন্য তর সইছে না।”
মিঠুনকন্যার স্নিগ্ধ ও আনন্দঘন মুহূর্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।
এর আগে দিশানী চক্রবর্তী জানান, আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। দিশানীর হবু স্বামী মাইলস মান্টজারিস পেশায় স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকতে পছন্দ করেন তিনি।
যোগিতা বালির সঙ্গে সংসার বেঁধেছেন মিঠুন চক্রবর্তী। এই দম্পতির তিন ছেলে ও একটি কন্যাসন্তান রয়েছে। দত্তক নেওয়া মেয়েটির নামই দিশানী। কলকাতার ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন পথচারী। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর ওই শিশুকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেখান থেকেই দত্তক নেন মিঠুন-যোগিতা।
দত্তক নিলেও দিশানীকে নিজের কন্যার মতো বড় করেছেন মিঠুন। তামিল নাড়ুর মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করেছেন দিশানী। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রেও কাজ করেছেন দিশানী।