ঢাকার মঞ্চে গাইতে আসছেন ভারতের জনপ্রিয় শিল্পী অনুপম রায়। এ খবর অবশ্য নতুন নয়। কিছুদিন আগেই এ কনসার্ট হওয়ার কথা ছিল। প্রশাসনিক জটিলতায় স্থগিত হয়। অবশেষে ১ আগস্ট হতে যাচ্ছে সে কনসার্ট।
এই কনসার্টে অনুপম রায় ছাড়াও থাকছে বাংলাদেশের কালজয়ী ব্যান্ড ‘মাইলস’। যদিও আগের তারিখে পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র। তবে নতুন শিডিউলে সমন্বয় না হওয়ার কারণে সে দলটি থাকছে না। বরং যুক্ত করা হয়েছে ‘মাইলস’কে।
এদিকে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটির টিকিট বিক্রিও শুরু হয়েছে। আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এরই মধ্যে সব ধরনের অনুমতি নেওয়া সম্পন্ন। এখন কেবল কাঙ্ক্ষিত দিনের অপেক্ষা।