পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (২৫ জুলাই) কালাই উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন, কালাইয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
মেলায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে দর্শনার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্য বললেন, শুধু বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষমেলা আয়োজন করলেই হবে না, এর সুফল পেতে হলে গাছকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে, পতিত জমি ও বিভিন্ন উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব হবে, অন্যদিকে পরিবেশ হবে আরও সবুজ ও বাসযোগ্য। একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
