দক্ষিণী সিনেমা সুপার স্টার থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে বিদায়ী তার সিনেমা ‘জন নায়াগন’ বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করে শতকোটির ক্লাবে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমা বাণিজ্যবিষয়ক সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। একই সময়ে ভারতের মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩৭ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে।
মুক্তির প্রথম দিন ভারতে সিনেমাটি ৪২ কোটি ৭০ লাখ রুপি নিট আয় করলেও দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ২১ কোটি ১৫ লাখ রুপিতে। ফলে দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমেছে।
তবে বক্স অফিসে ভালো সূচনা করলেও বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’র তুলনায় পিছিয়ে রয়েছে ‘জন নায়াগন’। ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দুই দিনে ভারতে ৬৯ কোটি ৫০ লাখ রুপি নিট আয় করেছিল। অন্যদিকে ‘লিও’ একই সময়ে আয় করেছিল ৯৯ কোটি ৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও ‘জন নায়াগন’ এখনো সেই দুই ছবির রেকর্ড স্পর্শ করতে পারেনি।