বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক (বিজ্ঞান) ভবনের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে। এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল নেতা জাকিরুল ইসলামসহ অনেকে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি
