মুক্তির আগেই ভারতের বক্স অফিসে রেকর্ড গড়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দুর্দান্ত অ্যাডভান্স বুকিং, প্রিমিয়াম ফরম্যাটে ব্যাপক চাহিদা এবং ইতিবাচক ট্রেড প্রজেকশনের কারণে সিনেমাটি একাধিক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতীয় বক্স অফিসে সিনেমাটির সামনে রয়েছে পাঁচটি বড় রেকর্ডের হাতছানি। প্রথমত, বিদেশি সিনেমার সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশনের রেকর্ড। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে, যার প্রথম দিনের গ্রস আয় ছিল প্রায় ৬৫ কোটি রুপি। প্রাথমিক ট্র্যাকিং অনুযায়ী, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রথম দিনে ৫০–৬০ কোটি রুপি গ্রস আয় করতে পারে, ফলে রেকর্ডটি ভাঙার লড়াইয়ে এটি শক্ত অবস্থানেই রয়েছে।
দ্বিতীয় লক্ষ্য বিদেশি সিনেমার সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড কালেকশন। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রায় ২০০ কোটি রুপি গ্রস আয়ই এই রেকর্ড। তবে চার দিনের উদ্বোধনী সপ্তাহান্তে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রায় ২২৫ কোটি রুপি বা তারও বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সিনেমাটি বিদেশি চলচ্চিত্রের সর্বোচ্চ প্রথম সপ্তাহের আয়ের রেকর্ডেও নজর রাখছে। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রথম সপ্তাহের সংগ্রহ প্রায় ৩১৫ কোটি রুপি গ্রস। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া বজায় থাকলে নতুন বেঞ্চমার্ক গড়ার সম্ভাবনা রয়েছে এই সিনেমার।
শুধু উদ্বোধনী সপ্তাহই নয়, দীর্ঘমেয়াদেও বড় রেকর্ডের লক্ষ্য রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর। ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী বিদেশি সিনেমা হওয়ার জন্য এটিকে ছাড়িয়ে যেতে হবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ৪৭৭.৫০ কোটি রুপি গ্রস লাইফটাইম সংগ্রহ।
সবশেষে, ইতিহাসের প্রথম বিদেশি সিনেমা হিসেবে ভারতের বক্স অফিসে ৫০০ কোটি রুপি গ্রস আয় করার কীর্তিও গড়তে পারে ছবিটি। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শকদের সাড়া এবং দীর্ঘ সময় ধরে বক্স অফিসে ধারাবাহিকতা ধরে রেখে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সত্যিই এই পাঁচটি ঐতিহাসিক রেকর্ড নিজের নামে লিখিয়ে নিতে পারে কি না।