ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং। বর্তমান সময়ে গ্ল্যামার আর অভিনয় দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
তবে জানলে অবাক হবেন, রূপালি পর্দায় আসা নিয়ে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না! শুধু ৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়ে বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ি কেনার শখ পূরণ করতেই প্রথম সিনেমায় রাজি হয়েছিলেন তিনি।
ইন্ডাস্ট্রিতে নিজের পা রাখার গল্প বলতে গিয়ে রাকুল জানিয়েছেন, বিষয়টি অপ্রত্যাশিত ছিল।
তিনি বলেছেন, ‘আমি তখন মাত্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী, বিষয় ছিল গণিত। পোর্টফোলিওর ছবি তোলার মাত্র তিন দিনের মাথায় একটি কন্নড় সিনেমার টিম আমার বাবার সঙ্গে যোগাযোগ করে কাস্টিংয়ের প্রস্তাব দেয়।
আমি তো প্রথমে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কারণ পড়ালেখা ছেড়ে সিনেমা করব কি না তা বুঝতে পারছিলাম না।’
রাকুল বলেন, ‘সিনেমাটিতে কাজের জন্য আমাকে ৫ লাখ রুপি অফার করা হয়েছিল।
সেই সময় আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এই ৫ লাখ টাকা পেলে বন্ধুদের মধ্যে আমিই হব প্রথম জন, যে নিজের টাকায় গাড়ি কিনবে! বন্ধুদের সামনে আমাকে দারুণ কুল দেখাবে, শুধু এই ভাবনায় আমি সিনেমাটিতে হ্যাঁ বলে দিই।’
একটি গাড়ির শখ থেকে সিনেমায় এলেও প্রথম কাজের অভিজ্ঞতাই বদলে দেয় রাকুলের জীবন। তিনি জানান, টানা ৪০ দিন কন্নড় সিনেমাটির শুটিং করার পর তিনি বুঝতে পারেন যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটাই তার আসল ভালোবাসা।
তবে আবেগের বশে পড়ালেখা ফেলে দেননি তিনি। আগে নিজের গ্র্যাজুয়েশন বা স্নাতক শেষ করেন এবং পরে ২০১৩ সালে পুরোপুরিভাবে পেশাদার অভিনেত্রী হিসেবে তার নতুন সফর শুরু করেন।