ঢাকাই চলচ্চিত্রের সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। অভিনয়গুণে দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়েছেন। আগামী ৩০ জুলাই, তার জন্মদিন। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন।
ববিতা সমগ্র’ শিরোনামের বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ১০ জন বিশিষ্ট তারকা, যারা স্মৃতিচারণের পাশাপাশি জানাবেন শুভেচ্ছা ও অনুভূতির কথা।
প্রতি বছর জন্মদিনে ছেলে অনিকের কাছে কানাডায় সময় কাটান ববিতা। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। তবে দেশের দর্শকদের জন্য তার জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে এই ব্যতিক্রমী অনুষ্ঠান। অনুষ্ঠানটি গ্রন্থণা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। শুটিং আগেই সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে ববিতার উপস্থিতিও থাকছে।
‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে তুলে ধরা হবে অভিনেত্রীর শৈশব থেকে বর্তমান জীবনের নানা অধ্যায়। তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক, ব্যক্তিজীবনের জানা-অজানা গল্প, স্মরণীয় চলচ্চিত্র, অর্জন এবং সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে ববিতাকে নিয়ে কথা বলবেন সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এছাড়া থাকছেন অভিনেতা-নির্মাতা আলমগীর, অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খান। তারা প্রত্যেকেই স্মৃতিচারণের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানাবেন এই গুণী অভিনেত্রীকে।
বিশেষ আয়োজনটি নিয়ে ববিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে সত্যিই অভিভূত। আয়োজনটি খুবই ভালো হয়েছে। অনুষ্ঠানটি দেখলে আমাকেই পুরোপুরি জানা হয়ে যাবে। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।”
সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, “ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে ‘ববিতা সমগ্র’। সাধারণ সেলিব্রিটি টক শোতে আলাপচারিতাই মুখ্য থাকে। কিন্তু এই অনুষ্ঠানে থাকবে ছকভাঙা উপস্থাপনা, অভিনব নির্মাণশৈলী এবং ববিতার জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, নতুনভাবে আবিষ্কার করবেন একজন কিংবদন্তি অভিনেত্রীকে।”
মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ববিতা সমগ্র’ প্রচার হবে আগামী ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।