বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের (স্থাপিত-১৯৯৭, রেজি. নং-রাজঃ ১৫৪৬) ১০ম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) আনুষ্ঠানিকভাবে এ তফসিল প্রকাশ করেন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। একই সঙ্গে সদস্যপদ নবায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত। ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১১ আগস্ট আপত্তি গ্রহণ, ১২ আগস্ট আপত্তির শুনানি এবং ১৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য ১৫ ও ১৬ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৭ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
পরবর্তী ধাপে ১৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯ আগস্ট আপত্তি গ্রহণ, ২০ আগস্ট আপত্তির শুনানি, ২২ আগস্ট বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। এছাড়া ২৫ আগস্ট প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং ওই দিনই নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়ার টিটু মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা সম্পন্ন করে একই দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, কমিটির সদস্য মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মুদ্রণশিল্প মালিক সমিতির আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মো. ছাইফুল ইসলাম, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মো. আরমান হোসেন ডলার এবং সাবেক প্রচার সম্পাদক মো. ফেরদৌস রানা মিলু।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) বলেন, একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনের সকল প্রশাসনিক কার্যক্রম বগুড়া শহরের প্রেসপট্টি, চকযাদু ক্রসলেন, বাদুড়তলায় অবস্থিত স্বচ্ছ গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টার্স কার্যালয় থেকে পরিচালিত হবে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
