সময় অনেক কিছুকেই পুরোনো করে দেয়। কিন্তু কিছু সুর সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী ঠিকানা গড়ে নেয়। ‘যে পাখি ঘর বোঝেনা’ ঠিক তেমনই একটি গান। শ্রোতাদের ভালোবাসা সঙ্গী করে ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করল ধ্রুব গুহর জনপ্রিয় এই গান। শ্রোতাদের ভালোবাসায় থাকা গানটির এই অর্জনকে বাংলা গানের ডিজিটাল ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময়ের ব্যবধানে গানটির আবেদন একটুও কমেনি। বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে আপন করে নিয়েছেন। ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়ে অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিল ‘যে পাখি ঘর বোঝেনা’।
গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগঘন কথামালা, হৃদয়ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর অনন্য কণ্ঠের মেলবন্ধন গানটিকে সময়ের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়ণের কারণে ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।