আজ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান, সাহসী ও বহুমুখী অভিনেত্রী তাপসী পান্নু-র শুভ জন্মদিন। এই বিশেষ দিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্যময় জীবনের আন্তরিক প্রার্থনা।
১৯৮৭ সালের ১ আগস্ট ভারতের নয়া দিল্লি-তে এক শিখ পাঞ্জাবি পরিবারে তাপসীর জন্ম। তাঁর পিতা দিলমোহন সিং পান্নু এবং মাতা নির্মলজিৎ পান্নু। দিল্লির মাতা জাই কৌর পাবলিক স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেও ভাগ্য তাঁকে নিয়ে যায় বিনোদন জগতে।
চ্যানেল ভি-র Get Gorgeous প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার পর তিনি পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৮ সালের Femina Miss India প্রতিযোগিতায় Pantaloons Femina Miss Fresh Face এবং Safi Femina Miss Beautiful Skin-সহ একাধিক সম্মান অর্জন করেন। পরবর্তীতে তিনি Coca-Cola, Airtel, Motorola, Tata Docomo, Reliance Trends, Standard Chartered Bank, Dabur, Havells, PVR Cinemas-সহ বহু খ্যাতনামা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেন।
২০১০ সালে তেলুগু চলচ্চিত্র ‘Jhummandi Naadam’-এর মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘Aadukalam’, ‘Mr. Perfect’, ‘Vastadu Naa Raju’ এবং ‘Arrambam’-এ অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৩ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘Chashme Baddoor’-এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
পরবর্তীকালে ‘Baby’, ‘Pink’, ‘Naam Shabana’, ‘Mulk’, ‘Badla’, ‘Mission Mangal’, ‘Saand Ki Aankh’, ‘Thappad’, ‘Haseen Dillruba’, ‘Rashmi Rocket’, ‘Dunki’ এবং ‘Phir Aayi Hasseen Dillruba’-সহ একের পর এক ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে সমসাময়িক ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
২০১৯ সালের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘Saand Ki Aankh’-এ প্রবীণ শ্যুটার প্রকাশী তোমর-এর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার (সেরা অভিনেত্রী) অর্জন করেন। ২০২০ সালে অনুভব সিনহা পরিচালিত ‘Thappad’ চলচ্চিত্রে গৃহসহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী নারীর ভূমিকায় তাঁর অসাধারণ অভিনয় দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।
তাঁর অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক সম্মাননা লাভ করেছেন। এছাড়া ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে Forbes India Celebrity 100 তালিকায় স্থান পাওয়া তাঁর জনপ্রিয়তা ও সাফল্যের প্রমাণ বহন করে।
অভিনয়ের পাশাপাশি তাপসী একজন সফল উদ্যোক্তাও। তাঁর বোন শাগুন পান্নু এবং এক বন্ধুর সঙ্গে মিলে তিনি The Wedding Factory নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা পরিচালনা করেন। তিনি Premier Badminton League-এর ফ্র্যাঞ্চাইজি Pune 7 Aces-এর অন্যতম মালিক হিসেবেও পরিচিত।
পর্দার বাইরেও তাপসী পান্নু একজন স্পষ্টভাষী ও সচেতন নাগরিক। নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং বিভিন্ন সমসাময়িক সামাজিক-রাজনৈতিক বিষয়ে নিজের মতামত নির্ভয়ে প্রকাশ করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ও প্রশংসিত।
শুভ জন্মদিন, তাপসী পান্নু।
আপনার জীবনের প্রতিটি দিন নতুন সাফল্য, সুস্বাস্থ্য, আনন্দ এবং সৃজনশীলতায় ভরে উঠুক। ভারতীয় চলচ্চিত্রে আপনার অনবদ্য অবদান আরও সমৃদ্ধ হোক এবং আগামী দিনেও আপনার অসাধারণ অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করে চলুন।
জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা ও অসংখ্য শুভকামনা।