নওগাঁর আত্রাই উপজেলায় ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ব্রজপুর, সিংসাড়া ও ভবানীপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ লঙ্ঘনের দায়ে মেসার্স এগ্রীজয়েন্ট এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, মেসার্স আয়েন উদ্দিন ট্রেডার্সকে ৫০০ টাকা এবং মেসার্স করবেল ইন্টারন্যাশনালকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুজ্জামান বলেন, “ভেজাল সার কৃষি উৎপাদনের জন্য বড় হুমকি। কৃষকের স্বার্থ রক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, কোথাও ভেজাল বা সন্দেহজনক সার বিক্রি হতে দেখলে দ্রুত প্রশাসন বা কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে হবে।
অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমদাদুল হকসহ প্রশাসন ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
