বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়নগরে ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

বিজয়নগরে ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

বিজয়নগরে ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় সংঘটিত হামদু মিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার পাইকপাড়া বাজারে স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামদু মিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত ওবায়দুল্লাহ, আবুখা ও তাদের সহযোগীরা এখনও গ্রেফতার হয়নি। তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
হামদু মিয়া হত্যা মামলার আসামি ওবায়দুল্লাহ, আবুখাসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। এলাকায় ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে। নিহতের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল পাইকপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, গত ১ আগস্ট সকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের দিন শিশুদের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুই পরিবারের বিরোধের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পরদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
আখাউড়া প্রতিনিধি: