কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ-তানজিলা আখতারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি আয়োজন নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, বুধবার (৫ আগস্ট) পালিত দিবসটির কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত সমন্বয় করা হয়নি।
অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারতের কর্মসূচিতে ইউএনও নিজে উপস্থিত না থেকে অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব দেন। একই সঙ্গে শহীদের পরিবারের সদস্যদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন স্থানীয় কয়েকজন।
অভিযোগকারীদের আরও দাবি, কর্মসূচি প্রণয়ন, আমন্ত্রণ প্রদান এবং সার্বিক আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা ও সমন্বয়ের ঘাটতি ছিল,যার ফলে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে,ডেইলি সকালের কাগজ-এ প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে অভিযোগকারীরা দাবি করেন,মোছা:-তানজিলা আখতার পূর্বে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বে ছিলেন। ওই প্রতিবেদনে তাঁর ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে।
তবে উল্লেখ্য,উক্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায় বা সরকারি তদন্ত প্রতিবেদনের তথ্য এই প্রতিবেদকের হাতে আসেনি। ফলে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ-তানজিলা আখতারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মোঃমাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
