বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার গেম শোর মঞ্চে জয়া আহসান

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার গেম শোর মঞ্চে জয়া আহসান

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার গেম শোর মঞ্চে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয়ের বাইরে ভিন্ন এক আয়োজনে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সান বাংলা চ্যানেলে প্রচারিত হবে পর্বটি।

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন, ব্যক্তিত্ব ও উপস্থাপনার জন্যও প্রশংসিত জয়া। বিশেষ এই পর্বে শুধু আড্ডাই নয়, নাচের পরিবেশনাতেও দর্শকদের মুগ্ধ করবেন তিনি। ‘আমি মিস ক্যালকাটা’ ও ‘সোহাগ চাঁদ’ গানের সঙ্গে তার পারফরম্যান্স অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পর্বটিতে জয়ার সঙ্গে তার প্রাণবন্ত আড্ডা, নানা স্মৃতিচারণ ও খুনসুটির পাশাপাশি অংশ নেওয়া চার নারী প্রতিযোগীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্পও উঠে আসবে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, দর্শকদের সঙ্গে এমন ভিন্নধর্মী আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। অভিনয়ের বাইরের এই অভিজ্ঞতা তিনি দারুণ উপভোগ করেছেন এবং তার বিশ্বাস, দর্শকরাও বিশেষ পর্বটি উপভোগ করবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন জয়া। সেই সাফল্যের ধারাবাহিকতায় জনপ্রিয় এই গেম শোতে তার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সান বাংলার জনপ্রিয় নন-ফিকশন অনুষ্ঠানগুলোর একটি। পাঁচ ধাপের এই প্রতিযোগিতায় প্রতি পর্বে চারজন নারী অংশ নেন। বিভিন্ন রাউন্ডে নগদ অর্থ জয়ের সুযোগ থাকলেও চূড়ান্ত বিজয়ী পান এক লাখ টাকা। বিনোদনের পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার বার্তা তুলে ধরাই অনুষ্ঠানটির অন্যতম লক্ষ্য।