জয়পুরহাটের কালাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল আহমেদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, কালাইয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কালাই উপজেলা।
সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাইফুল ইসলাম ফিতা, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবাগত ইউএনওকে কালাই উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।
‘
জনগণের আস্থা অর্জন করাই হবে প্রশাসনের প্রধান লক্ষ্য’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ বলেন, “কালাই উপজেলা আমার কাছে শুধু একটি প্রশাসনিক কর্মস্থল নয়, এটি এখানকার মানুষের সঙ্গে কাজ করার একটি সুযোগ। সাধারণ মানুষ যাতে সরকারি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
তিনি আরও বলেন, “উপজেলার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই। সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব কালাই গড়ে তোলার চেষ্টা থাকবে।”
মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। প্রশাসন জনগণের পাশে থাকবে এবং যেকোনো সমস্যা সমাধানে নিয়মতান্ত্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।”
শেষে নবাগত ইউএনও কালাই উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
