শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, কুপিয়ে জখম ২; আহত ৭

বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, কুপিয়ে জখম ২; আহত ৭

বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, কুপিয়ে জখম ২; আহত ৭

পটুয়াখালীর বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহতসহ মোট সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহিন রাড়ি ও মাঈনুদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেবের ১ নম্বর ওয়ার্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শাহিন রাড়ি, মাঈনুদ্দিন, সোহেল রাড়ি, মামুন, ইউনুস, মমতাজ ও রানী বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের অভিযোগ, জামায়াতের ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল শরিফের নেতৃত্বে সোহাগ, সাকিব হাওলাদার, আলামিন চৌকিদার ও আরিকুল চৌকিদারসহ ১৫ থেকে ২০ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শাহিন রাড়ি ও মাঈনুদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। অন্যরা তাঁদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

আহত ব্যবসায়ী শাহিন রাড়ির অভিযোগ, হামলার সময় তাঁর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর দাবি, জমি বিক্রি করে কলাইয়া বাজার থেকে ফেরার পথে ওই টাকা তাঁর কাছে ছিল।

হামলার কারণ সম্পর্কে আহত মাঈনুদ্দিন বলেন, তাঁদের বসতির উত্তর পাশে লালচরে স্থানীয় কৃষকদের মহিষ ঘাস খেতে গেলে মমিনপুর এলাকার জেলেদের বাঁশের তৈরি মাছ ধরার চাই নষ্ট হয়। পরে কৃষকদের কাছ থেকে ক্ষতিপূরণের জন্য টাকা তুলে জেলেদের দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল শরিফ ক্ষিপ্ত হন। এর জের ধরেই তাঁদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে স্থানীয় পলি বেগম অভিযোগ করেন, হামলায় জড়িত কয়েকজন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর তাঁরা জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে স্থানীয় বাসিন্দা সিমা বেগমের দাবি, নির্বাচনের পর থেকেই শাহিন রাড়ি ও মাঈনুদ্দিনদের সঙ্গে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। শাহিন রাড়ি বিএনপির রাজনীতি করায় তাঁকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত সাইফুল শরিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও স্থানীয়রা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” 

মো. রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি: