মো: আবু রায়হান (সাতক্ষীরা তালা প্রতিনিধি): নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তাবোধ জোরদার করতে সাতক্ষীরায় রাত্রিকালীন বিশেষ মহড়া পরিচালনা করেছে জেলা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাতে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে শহরজুড়ে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মহড়ায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে পুলিশ ২৪ ঘণ্টা জনগণের পাশে রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, সাতক্ষীরার প্রতিটি সদস্য পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও বিশেষ মহড়া অব্যাহত থাকবে।