বাংলাদেশ ও পাকিস্তানে সাড়া জাগানো নায়িকা শবনমের ৭৫তম জন্মদিন সোমবার। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকায় তার জন্ম।
স্বর্ণযুগের এই নায়িকা বলেন, “এই বয়সে এসে জন্মদিন আনন্দের হয় না। তার ওপর করোনাকাল। দীর্ঘদিন ঘর থেকেই বের হই না। ইচ্ছা আছে একমাত্র ছেলে রনিকে সঙ্গে নিয়ে আজ বের হব, বাইরে কোথাও একসঙ্গে ডিনার করব।”
শবনমের পারিবারিক নাম ঝর্ণা বসাক, বাবা ননী বসাক ছিলেন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারি। শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছিলেন তিনি। এক নাচের অনুষ্ঠানে পরিচালক এহতেশাম নাচ দেখে ‘এদেশ তোমার আমার’ চলচ্চিত্রের নৃত্যের দৃশ্যে সুযোগ দেন। পরে আরও কিছু ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন। এহতেশামের ভাই মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৯৬১ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এ ছবিতেই তার পারিবারিক নাম পাল্টে যায়।
হারানো দিন’ ভীষণ জনপ্রিয়তা পায়। পরের বছর ঢাকায় নির্মিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’র মাধ্যমে সমগ্র পাকিস্তানে রাতারাতি তারকাখ্যাতি পান শবনম। ১৯৬৩ সালের ‘তালাশ’ ওই সময়ের সর্বাপেক্ষা ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে।