মাগুরার শালিখা উপজেলার উত্তর সরসোনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ মোঃ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উত্তর সরসোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রানা মোল্লা উত্তর সরসোনা গ্রামের মোঃ ইউনুস মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় এবং শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমন এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই সাইদুল খালাসী, এএসআই মিজানুর রহমান, এসআই সাইদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উত্তর সরসোনা এলাকায় অভিযান চালিয়ে রানা মোল্লাকে ১৬ পিস ইয়াবাসহ আটক করে।
শালিখা থানার ওসি মোঃ আশিকুর রহমান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ আরও জানায়, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রমও অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকায় এলাকায় অপরাধপ্রবণতা কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বৃদ্ধি পেয়েছে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
