নজরদারির অভাব: হকার আর ইজিবাইকের দখলে মোংলার প্রাণকেন্দ্র শাপলা চত্বর
মোংলা পোর্ট পৌরসভার প্রধান বাণিজ্যিক এলাকা ও শহরের মিলনস্থল—শাপলা চত্বর। একসময় যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত সৌন্দর্যের প্রতীক শাপলা ভাস্কর্য, আজ তার চারপাশ জুড়ে শুধুই বিশৃঙ্খলা।
চত্বরের চারপাশ এখন ব্যাটারিচালিত ইজিবাইক, মাহিন্দ্রা এবং মোটরসাইকেলের অবৈধ স্ট্যান্ডে পরিণত হয়েছে। সেই সাথে ফুটপাত ছাড়িয়ে হকারদের দোকান চলে এসেছে মূল সড়কে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চত্বরের ভেতরের ফোয়ারাটি অচল হয়ে পড়ে আছে। ময়লা-আবর্জনা জমে নষ্ট হচ্ছে এর সৌন্দর্য। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ ও পর্যটক এই পথ দিয়েই সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। শহরের এই বেহাল দশায় ক্ষুব্ধ পৌরবাসী।
পৌর শহরের যানজট নিরসন এবং ঐতিহ্যবাহী শাপলা চত্বরের সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন—এমনটাই প্রত্যাশা মোংলাবাসীর।
মেহেদী হাসান জিকো মোংলা প্রতিনিধি