মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি বেকারির কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রেখে পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মাগুরা সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের অভিযানে দেখা যায়, ঢাকা রোডের মেসার্স রতন হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছেন না এবং টয়লেটে হাত ধোয়ার জন্য কোনো সাবান বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা নেই। ফলে টয়লেট ব্যবহারের পর যথাযথভাবে হাত পরিষ্কার না করেই কর্মচারীরা খাবার তৈরি করছেন।
এ ছাড়া হোটেলের ফ্রিজে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা এবং বারবার নিষেধ করা সত্ত্বেও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছাপা কাগজের ঠোঙায় খাবার পরিবেশন করার বিষয়টি অভিযানে ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় মেসার্স রতন হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে রামনগর এলাকায় মেসার্স রাজধানী বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার পরিবেশ উন্নয়নের জন্য সাত দিন প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়েজুল কবীর ও মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।