মোঃ আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় অপরাধ দমন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের দক্ষ নেতৃত্বে পরিচালিত এসব জনকল্যাণমুখী পুলিশি কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁর এই প্রশাসনিক সক্রিয়তায় এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে কাঙ্ক্ষিত স্বস্তি ও নিরাপত্তাবোধ।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পোরশা থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের কথা আন্তরিকতার সঙ্গে শোনা, তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে এলাকা থেকে মাদক নির্মূল, চুরি, ছিনতাই রোধ এবং সড়ক ডাকাতি বন্ধে নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে উপজেলায় রোড ডাকাতি নাই বললেই চলে।
এলাকাবাসী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত টহল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে আলোর ব্যবস্থা করা এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধস্থলে পৌঁছানোর উদ্যোগ সর্বসাধারণের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে। যেকোনো অপরাধ ঘটার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার কারণে এখন অপরাধ প্রবণতা অনেকটাই নিম্নমুখী।
পোরশা থানা সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও টহল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে বিশেষ নজরদারি। কেবল অপরাধ দমনই নয়, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও পারস্পরিক ট্রাস্ট তৈরির ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল ব্রত। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত পোরশা গঠনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।"