মাদকমুক্ত সমাজ গঠনের দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে নওগাঁর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মাদক ও দেশি চোলাই মদবিরোধী বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পোরশা থানাধীন ৫নং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় পোরশা থানা পুলিশ এ মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মোঃ সাহাব উদ্দিন, পোরশা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির শারীরিক ও সামাজিকভাবে ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর আইনি অবস্থান এবং সচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুতকৃত বিষাক্ত দেশি চোলাই মদসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য পরিহারের উদাত্ত আহ্বান জানান বক্তারা।
বক্তারা গুরুত্বারোপ করে বলেন, অনিয়ন্ত্রিত উপায়ে উৎপাদিত চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের অপসংস্কৃতি ও মদ্যপানের ফলে কেবল গুরুতর শারীরিক ব্যাধি বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিই তৈরি হয় না, বরং পুরো পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নিজ পরিবার, সন্তান ও আগামীর প্রজন্মের নিরাপত্তার জন্য এ পথ থেকে সরে আসা অত্যন্ত জরুরি।
আলোচনায় আরও জোর দেওয়া হয়, মাদক নির্মূল এককভাবে কোনো বাহিনীর পক্ষে সম্ভব নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার এক যৌথ লড়াই। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক সচেতনতাই পারে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সুস্থ সমাজ নিশ্চিত করতে।
পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেবল আইনগত ব্যবস্থা কিংবা নিয়মিত অভিযান চালিয়েই ক্ষান্ত হওয়া হবে না—জনগণকে সামাজিকভাবে সচেতন করতে এ ধরনের উন্মুক্ত বৈঠক ও মতবিনিময় কার্যক্রম আগামীতেও ধারাবাহিকবাবে চালু রাখা হবে।
মোঃ আরিফুল হক সাহিন, স্টাফ রিপোর্টার (পোরশা, নওগাঁ):