আনন্দের খবরটি ভাগ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অনুপম রায়। এই গায়ক লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা পুত্রসন্তানের বাবা-মা হয়েছি।”
ভারতীয় একটি গণমাধ্যমে উচ্ছ্বসিত অনুপম রায় বলেন, “মা-ছেলে দু’জনেই ভালো আছেন। আমরা খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম। হাসপাতালে আছি, ফলে বেশি কথা বলার পরিস্থিতিতে নেই।”
২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন সংগীতশিল্পী অনুপম রায়। ২০২৩ সালে গুঞ্জন চাউর হয়, কণ্ঠশিল্পী প্রস্মিতা পালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন এই যুগল। তবে ২০২৪ সালে গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বিয়ে করেন তারা।
প্রেম-বিয়ে নিয়ে যেমন লুকোচুরি করেছেন অনুপম-প্রস্মিতা, তেমনই বাবা-মা হতে যাওয়ার খবরটি আড়ালে রেখেছিলেন তারা। তবে আনন্দের খবরটি প্রকাশ্যে আসার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা দম্পতি।
সংগীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন অনুপম রায়। তার গাওয়া উল্লেখযোগ্য গান হলো—‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘বাড়িয়ে দাও’, ‘বেঁচে থাকার গান’, ‘জানি দেখা হবে’, ‘যে কটা দিন’ প্রভৃতি। অন্যদিকে, অনুপম রায়ের কম্পোজ করা একাধিক গান গেয়েছেন প্রস্মিতা।
