ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কনডিশনে আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহই দিলে উনি আবার ফিরে আসতে পারবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
