মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারানো ও বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে জুলাই ২০২৬ মাসে হারানো এবং বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের হারানো ও চুরি হওয়া মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল উদ্ধারে মাগুরা জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি সাইবার অপরাধ দমন, চুরি, ডাকাতি ও ছিনতাই মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল নিশাত আল নাহিয়ানসহ মাগুরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।