হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় সাসপেন্স-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। প্রথম দুই কিস্তির সাফল্যের পর এবার আসছে এর তৃতীয় ও চূড়ান্ত অধ্যায়- ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে পর্দায় ফিরছেন অজয় দেবগন। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২ অক্টোবর।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের কাছে ২ অক্টোবর তারিখটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দুই সিনেমার গল্পেই এই তারিখকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এবার তৃতীয় কিস্তিতে সেই রহস্যের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় দর্শকরা।
সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে তার মুখের সঙ্গে লেখা রয়েছে- ‘মেরা সাচ, মেরা সেহি, সির্ফ মেরি ফ্যামিলি হে।’ পোস্টারে অজয়ের চোখেমুখে যেন বিজয় সালগাঁওকরের দৃঢ়তা স্পষ্ট। পরিবারের স্বার্থে এবারও তিনি কতটা দূর যেতে পারেন, সেই প্রশ্নই উসকে দিয়েছে পোস্টারটি।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ প্রযোজনা করছে স্টার স্টুডিও১৮ ও প্যানোরামা স্টুডিওস। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। আমিল কীয়ান খান ও পারভেজ শেখের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রযোজনায় রয়েছেন অলোক জৈন, অজিত আন্ধারে, কুমার মঙ্গত পাঠক ও অভিষেক পাঠক।
