নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি দোকান থেকে ৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তিন দোকান মালিককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তিনটি দোকান থেকে মোট ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিকদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান শেষে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।