কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল এখন সেজেছে পদ্মফুলের অপরূপ সাজে। বিলের পানিজুড়ে ফুটে থাকা অসংখ্য পদ্মফুল আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য।
বিশেষ করে চান্দামারী এলাকার পাশের অংশে ফুটে থাকা পদ্মফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
কেউ নৌকায় চড়ে পদ্মফুলের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, কেউবা নৌকা থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। আবার কেউ পানিতে নেমে পদ্মফুল তুলছেন। প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন অনেকে।
স্থানীয়দের কাছে চাকিরপশার বিলের পদ্ম এখন যেন প্রকৃতির এক নান্দনিক উপহার। বর্ষার এই সময়ে পদ্মফুলের সমারোহে বিলটি পরিণত হয়েছে সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
