মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, ওয়ান শুটার গানসহ অস্ত্র উদ্ধার

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, ওয়ান শুটার গানসহ অস্ত্র উদ্ধার

নওগাঁর মান্দায়  কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, ওয়ান শুটার গানসহ অস্ত্র উদ্ধার

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি


নওগাঁর মান্দায় বিশেষ সমন্বিত অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ও কথিত সন্ত্রাসী সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো অস্ত্র ও খেলনা পিস্তলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলে বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের দলে যোগ না দিলে স্থানীয় কিশোরদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরবকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতেও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফের গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে পুলিশ জানতে পারে, সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

পরে বিভিন্ন জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানার ফুড ভিলেজ এলাকা থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর তাদের নিয়ে বগুড়া, সিরাজগঞ্জসহ নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে সুলতানের দেখানো মতে তার বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে একটি সুইচ গিয়ার ঈগল চাকু, দুটি পুরোনো চাকু, একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন, মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজনই প্রায় আট মাস কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।