মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক ০২টি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ জনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতভর ২টি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানার এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ মামুন মিয়া (২৫), পিতা-তোজাম্মেল, গ্রাম-পিরোজপুর, পোষ্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ এবং জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, এবং ০১টি মোটর সাইকেলসহ (Pulsar 150 cc) আটক করতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় অভিযানটিতে চৌকা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামস্থ ঘেরার মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। উল্লিখিত ০২টি অভিযানে আটককৃত Eskuf সিরাপ ও মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য-২,৫০,৪০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার চারশত) টাকা। অভিযান ০২টিতে আটককৃত আসামীসহ জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটর সাইকেলের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।