ময়মনসিংহের ভালুকায় টানা বৃষ্টির সময় মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে আয়েশা নামে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর বাজার সংলগ্ন মীরবাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু আয়েশা উপজেলার বিরুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার বড় মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গত এক মাস যাবত আয়েশাকে নিয়ে তার বাবা সিদ্দিক মিয়া ধীতপুর বাজার এলাকার মীরবাড়িতে তার শ্বশুরবাড়িতে (শিশুটির নানা বাড়িতে ) অবস্থান করছিলেন। রোববার বৃষ্টির সময় শিশুটি ঘরের ভেতরে তার বাবার সাথে শুয়ে ছিল। এ সময় হুট করেই জরাজীর্ণ মাটির দেয়াল ধসে সরাসরি তাদের ওপর পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়।
পরবর্তীতে আশপাশের লোকজন এসে মাটি সড়িয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। বৃষ্টির দিনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে এবং পুরো ধীতপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আশিকুর রহমান শ্রাবন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
