নাচে দক্ষতা নিয়ে সমালোচনা থেকে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া ক্যাটরিনা কাইফের পথচলা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে এক কোরিওগ্রাফার তাকে নাচে ‘শূন্য’ বলে মন্তব্য করেছিলেন। এমনকি নাচ না পারলে ক্যারিয়ার ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। সম্প্রতি সেই ঘটনার কথা জানিয়েছেন কোরিওগ্রাফার বসকো মার্টিস।
বসকো ও সিজারের একটি পডকাস্টে এ তথ্য উঠে আসে। সেখানে তারা ফারাহ খানের সঙ্গে নিজেদের কাজ এবং বলিউডের জনপ্রিয় বেশ কিছু নাচের গান নিয়ে আলোচনা করছিলেন।
আলোচনায় ক্যাটরিনার প্রসঙ্গ আসে ২০১০ সালের সিনেমা ‘তিস মার খান’-এর ‘শীলা কি জাওয়ানি’ গান নিয়ে কথা বলার সময়। ফারাহ খান জানান, ক্যাটরিনার সঙ্গে প্রথম কাজ করার সময় তিনি তাকে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত মনে করেননি।
ফারাহ বলেন, ক্যাটরিনার সঙ্গে তার প্রথম গান ছিল ‘জাস্ট চিল’, যা ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমার। এর আগে ‘টাচ মি, টাচ মি’র মতো গানে ক্যাটরিনাকে দেখা গেলেও তখনো তাকে নৃত্যশিল্পী হিসেবে বিবেচনা করা হতো না।
এ সময় ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা তুলে ধরেন বসকো। তিনি বলেন, সমালোচনা সত্ত্বেও ক্যাটরিনা অনেক পরিশ্রম করতেন। এক কোরিওগ্রাফার তাকে বলেছিলেন, নাচে আপনি শূন্য। তাই আপনার ছেড়ে দেওয়া উচিত।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা