গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের পাশে অরক্ষিত গভীর সেপটিক ট্যাংকে পড়ে দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন এক গণমাধ্যমকর্মীসহ স্থানীয় কয়েকজন। রোববার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কুকুরটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নগরহাওলা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের পাশে প্রায় এক বছর ধরে সেপটিক ট্যাংকের গর্তটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় গর্তটি ঝোপঝাড়ে ঢেকে যায়। ফলে বাইরে থেকে সেটি সহজে দেখা যায় না। শুক্রবার দুপুরে অসাবধানতাবশত কুকুরটি ওই গভীর গর্তে পড়ে যায়।
রোববার ওই স্থান দিয়ে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান কয়েকজন পথচারী। ঝোপঝাড় সরিয়ে নিচে পানির মধ্যে কুকুরটিকে আটকে থাকতে দেখে তাঁরা স্থানীয় গণমাধ্যমকর্মী রমজান আলীকে খবর দেন।
খবর পেয়ে রমজান আলী কয়েকজন স্থানীয় বাসিন্দাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে দড়ি, প্লাস্টিকের বস্তা ও কাঠের টুকরা দিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক দফায় কুকুরটিকে বস্তার সঙ্গে আটকানো গেলেও ওপরে তোলার সময় আবার নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত সম্মিলিত চেষ্টায় কুকুরটিকে টেনে ওপরে তুলে আনা হয়।
উদ্ধারের পর কুকুরটি কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করে দৌড়ে লোকালয়ের দিকে চলে যায়।
রমজান আলী বলেন, বিপদে পড়া পশুপাখিকে উদ্ধারের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে কুকুরটিকে উদ্ধারের উদ্যোগ নেন। কুকুরটিকে জীবিত উদ্ধার করতে পেরে সবাই আনন্দিত হয়েছেন।
পরিবেশকর্মী ও নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, পশুপাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বিপদগ্রস্ত প্রাণীকে রক্ষা করা মানুষের মানবিক দায়িত্ব। এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
