প্রেমের গল্পে নতুন জুটি নিয়ে হাজির হচ্ছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। তাদের নিয়ে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’-এর শুটিং শেষ হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। এখন সম্পাদনা ও কারিগরি কাজ নিয়ে ব্যস্ত নির্মাণসংশ্লিষ্টরা।
পারভেজ ইমামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। গতানুগতিক গল্পের বাইরে গিয়ে নিখাঁদ প্রেমের গল্প নিয়েই সাজানো হয়েছে ‘এভাবেও প্রেম আসে’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের ব্যস্ত ও সম্ভাবনাময় অভিনেতা প্রান্তর দস্তিদার এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫ প্রতিযোগিতায় টপ ফাইভে থাকা অভিনেত্রী নুসরাত আফরিন ইউমনা।
একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের নিজস্ব প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে এটি রয়েছে সম্পাদনার টেবিলে। এডিট ও কালার গ্রেডিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও শেষ হওয়ার পথে।
টেলিফিল্মটির প্রচারের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা সানজিদ খান প্রিন্স জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ কোনো দিবসকে কেন্দ্র করে ‘এভাবেও প্রেম আসে’ প্রচারের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
প্রান্তর ও ইউমনা ছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশু শিল্পী আয়াতসহ আরো অনেকে।
নতুন জুটিকে ঘিরে নির্মিত এই টেলিফিল্মে প্রেমের গল্প কতটা ভিন্নভাবে পর্দায় ধরা দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা। তবে, শুটিং শেষে সম্পাদনা ও সংগীতের কাজ এগিয়ে যাওয়ায় খুব শিগগিরই দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে ‘এভাবেও প্রেম আসে’।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা