নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু করায় একটি ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
অভিযানে মেসার্স সালেহা ব্রিকস নামের পুরোনো ইটভাটা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ না করেই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
নাজমুল হক
নওগাঁ প্রতিনিধি
