কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হোসেনপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে ১০ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব হোসেনপুরের সভাপতি সাফায়েত হোসেন শাহীন।
প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই ও ফ্যাক্টচেকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সক্ষমতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
