দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর পৌরসভার প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিএনসিসি, স্কাউটস, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে কুমারখাল ও চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং নদী ও নদীর তীরে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজন ও বিভিন্ন সমস্যার কথাও শোনা হয়।
এ সময় জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে নদী বা নদীর তীরে ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। আসুন, সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত সুনামগঞ্জ।
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
