মুম্বাইয়ে অভিনেত্রী আমিশা প্যাটেলের পরিবারের বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আমিশার মা আশা প্যাটেল অভিযোগ করার পর তদন্তে নামে পুলিশ।
মুম্বাইয়ের চার্চগেটে আমিশা প্যাটেলের পরিবারের বাড়িতে এ ঘটনা ঘটে। সেখান থেকে একটি হীরাখচিত সোনার চুড়িসহ বেশ কিছু দামি গয়না নিখোঁজ হয়। পরে আমিশার মা আশা প্যাটেল পুলিশের কাছে অভিযোগ করেন।
ঘটনাটি নিশ্চিত করে আমিশার ম্যানেজার ইন্ডিয়া টুডে-কে বলেন, “হ্যাঁ, এটা সত্যি। তারা ওই গৃহকর্মীকে ধরেছে, সে এখন জেলে আছে।”
পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সীমা ঘাটে। ৪০ বছর বয়সী এই নারী প্রায় ১৮ মাস ধরে চার্চগেটের বাড়িটিতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে গয়নার চুড়িগুলো নিখোঁজ হয়।
প্রথমে গৃহকর্মী সীমাকেই সন্দেহ করেন আশা প্যাটেল। কয়েক মাস ধরে তিনি সীমাকে বারবার নিখোঁজ গয়না ফেরত দিতে বলেন। পরে কোনো সমাধান না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
অভিযোগ পাওয়ার পর মেরিন ড্রাইভ পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় মামলা করে। পরে অপরাধ দমন দলের সদস্যরা সীমার অবস্থান শনাক্ত করে বিরার থেকে তাকে আটক করেন।
পরে তাকে মুম্বাইয়ের আদালতে হাজির করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। চুরি যাওয়া গয়না উদ্ধার এবং এই ঘটনায় সীমার সঙ্গে আর কেউ জড়িত কি না, কিংবা তার আগে কোনো অপরাধের ইতিহাস রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এখনো আমিশা বা তার পরিবারের অন্য কোনো সদস্য প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
এদিকে, আমিশাকে সর্বশেষ দেখা গেছে সানি দেওলের ‘গদর টু’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া অনিল শর্মা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেন উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর ও মনীশ ওয়াধওয়া। সিনেমাটি বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করে বড় বাণিজ্যিক সাফল্য পায়। এর মাধ্যমে আমিশার ক্যারিয়ারেও নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়।
‘গদর টু’-এর সাফল্যের পর অবশ্য পর্দায় বেশ বেছে বেছে কাজ করছেন আমিশা। তার পরবর্তী সিনেমা ‘গদর থ্রি’-এর কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
২০০০ সালে হৃতিক রোশনের সঙ্গে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশার। সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পর দ্রুত পরিচিতি পান তিনি। পরের বছর সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় অভিনয় করেন। এটিও ব্যাপক সাফল্য পায় এবং সে সময়ের অন্যতম সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমায় পরিণত হয়।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা