কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহ ও মাদকের টাকার জেরে বড় ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে রিয়াদ ওরফে গেন্দু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা দুজনই উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াদ মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই মা ও ভাইকে মারধর করতেন। ঘটনার রাতে রিয়াদ নেশা ও নতুন মোবাইল কেনার টাকার জন্য মাকে মারধর শুরু করেন। ঢাকায় থাকা বড় ভাই হৃদয় সম্প্রতি বাড়িতে আসেন এবং এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াদ ধারালো ছুরি নিয়ে হৃদয়ের দিকে তেড়ে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে রিয়াদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
